ইউপি সদস্য থেকে এমপি: মিরসরাইয়ের নুরুল আমিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ছাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট। মোট ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।
নুরুল আমিনের রাজনৈতিক জীবন শুরু ইউনিয়ন পরিষদ থেকে। ১৯৯৮ সালে প্রথমবারের মতো মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সাল পর্যন্ত তিনি ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৪ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তবে কিছু সময় দায়িত্ব পালনের পর তাঁকে অপসারণ করা হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও জয়ী হতে পারেননি। এবার দলীয় মনোনয়ন পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো জনপ্রতিনিধির আসনে অধিষ্ঠিত হলেন তিনি।
১৯৬৮ সালের ১ জানুয়ারি মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতা মরহুম মাওলানা আবুল খায়ের একজন খ্যাতিমান আলেম ছিলেন। তিনি পটিয়া আল-জামেয়াতুল ইসলামীয়া মাদরাসা থেকে কামিল পাশ করেন। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী নুরুন্নাহারসহ চার ছেলে ও তিন মেয়ের জনক।
দলীয় রাজনীতিতে তিনি ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ওচমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। ২০০৮ সালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ২০০৯ সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং একই বছরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হন। ২০১৮ সালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মিরসরাই উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে ৩১টি মামলা হয়েছে এবং এ পর্যন্ত পাঁচবার কারাবরণ করেছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘মিরসরাইবাসী আমার জন্য অনেক করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ইউপি সদস্য থেকে আজ এমপি হয়েছি মানুষের ভালোবাসায়। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছি। এখন আমার দায়িত্ব একটি নিরাপদ ও শান্তির মিরসরাই গড়ে তোলা। আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের জন্য কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
মিরসরাইয়ে নুরুল আমিনের দীর্ঘ রাজনৈতিক পথচলা
ইউপি সদস্য থেকে এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১


