বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
Single Page Top Banner

বড় চেয়ার নয়, সমতার বার্তা: দলীয় ফোরামে প্রশংসায় ভাসলেন এমপি নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় সরলতা ও সমতার বার্তা দিয়ে প্রশংসায় ভাসলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। নিজের জন্য আলাদা বড় চেয়ার রাখতে নিষেধ করে তিনি বলেন, “বড় চেয়ার মানুষের অন্তরে অহংকার আনতে পারে। আমার জন্য আলাদা কোনো চেয়ার রাখবেন না। সিনিয়র নেতাদের জন্য যে চেয়ার থাকবে, একই চেয়ারই আমাকে দেবেন।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বারইয়ারহাট প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় নুরুল আমিন বলেন, দলের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় অফিস খুলে চাঁদাবাজির সুযোগ সৃষ্টি করা হচ্ছে—এসব বন্ধ করতে হবে। “বিএনপির অফিস নাম দিয়ে অপ্রয়োজনীয় চাঁদাবাজির দোকান বন্ধ করুন। এসব অফিস দিয়ে দলের কোনো লাভ হয় না,”—মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “নির্বাচনে আমরা বিজয়ী হলেও ভোটের ব্যবধান আরও বেশি হওয়ার কথা ছিল। কেন কম হয়েছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। মিরসরাইয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে কোনো গ্রুপিং চলবে না। আমরা সবাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।”
ব্যক্তিগত নামে ইউনিয়ন ও হাট-বাজারে খোলা অফিসগুলো দ্রুত বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় গিয়ে অনেকের অফিসে আমার ছবি দেখেছি। কারও অফিসে আমার ছবি রাখবেন না। আমার ছবি দিয়ে দোকানদারি বন্ধ করুন। আমি কারও থেকে কমিশন নেই না এবং অপকর্মের দায়ও নেব না।” তিনি জানান, দলীয় অফিসে শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকবে।
নির্বাচন-পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে নবনির্বাচিত এমপি বলেন, “মিরসরাইকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস-চাঁদাবাজি কেউ করতে পারবে না। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হলে পুরো উপজেলাবাসী আমাদের পাশে থাকবে।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেন।
নির্বাচন নিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সহিংসতা হবে—এমন গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু নির্বাচন আগে ও পরে মিরসরাইসহ দেশে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি।”
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর উপস্থাপনায় এবং আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি আসনের নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর, দিদারুল আলম মিয়াজী, আ.ক.ম জান্নাতুল করিম খোকন, মনিরুল ইসলাম ইউসুফ, মাঈন উদ্দিন লিটন, সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, লায়ন তাহের আহম্মদ, ফখরুল ইসলাম, সরোয়ার হোসেন, শাহিনুল ইসলাম স্বপন, আমিনুল ইসলাম তৌহিদ ও সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত