মিরসরাই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় নেতাকর্মী ও বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপালনকারীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বারইয়ারহাট নির্বাচনী কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন বলেন, যারা মেসয়ের বিভিন্ন স্থানে দলের নাম দিয়ে অপ্রয়োজনীয় অফিস করেছেন শীঘ্রই এসব অফিস বন্ধ করবেন। এসব অফিস দিয়ে দলের লাভ হয় না, এগুলো চাঁদাবাজির দোকান বলে মন্তব্য করেন তিনি। এসব অফিস বন্ধ করে ফেললে দলের লাভ হবে। তিনি আরো বলেন, ‘নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি বিজয়ী হলেও ভোটের ব্যবধান আরো বেশী হওয়ার কথাছিলো। কেন কম হয়েছে সেটা বের করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। মিরসরাইয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে কোন গ্রুপিং থাকবেনা। আমরা সবাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গ্রুপ করবো। ৫ই আগস্টের পর ব্যক্তিগত অফিসের নাম দিয়ে যারা বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজারে দোকান খুলে বসেছেন তা বন্ধ করতে হবে। নির্বাচনী প্রচারণায় গিয়ে অনেকের অফিসে আমার ছবি দেখেছি। কারো অফিসে আমার ছবি রাখবেন না। আমার ছবি দিয়ে আপনাদের দোকানদারি বন্ধ করুন। আমি কারো থেকে কমিশন নিই না। আপনাদের অপকর্মের দায় আমি নেবো না। ব্যক্তিগত অফিস যদি বন্ধ না করেন তাহলে নেতৃবৃন্দ গিয়ে তা বন্ধ করে দিবে। দলীয় অফিসে শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকবে।’
নির্বাচন পরবর্তী কর্মসূচী নিয়ে তিনি বলেন, মিরসরাইকে আমি মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সন্ত্রাস-চাঁদাবাজি কেউ করতে পারবে না। মাদক, সন্ত্রাস-চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো উপজেলাবাসী আমাদের পক্ষ হয়ে যাবে। সিনিয়র নেতৃবৃন্দকে এ বিষয়ে কাজ শুরু করতে হবে। আমি আইনশৃঙ্খলাবাহিনীকে বলবো; মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করতে আপনারা আমাদের সহায়তা করুন।’
নির্বাচনের বিষয়ে নুরুল আমিন বলেন, ‘সমাজে একটি গুজব রটানো হয়েছিলো বিএনপি ক্ষমতায় আসলে কেউ বাড়ি ঘরে থাকতে পারবেনা। অথচ নির্বাচনের আগে এবং নির্বাচন পরবর্তী সময়ে মিরসরাই সহ সারাদেশে কোন সহিংসতা, মারামারির ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় এমনটি সম্ভব হয়েছে। অতীতে নির্বাচন পরবর্তী অনেক সংঘর্ষ আর সহিংসতার ঘটনা ঘটেছিলো।’
উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর উপস্থাপনায় আহবায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ফটিকছড়ি আসন থেকে নবনির্বাচিত বিএনপি মনোনীত সংসদ সদস্য সরোয়ার আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচনী চীফ এজেন্ট দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা আ.ক.ম জান্নাতুল করিম খোকন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, বিএনপি নেতা লায়ন তাহের আহম্মদ, ফখরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


