চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় পুলিশি অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ৩ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (০২ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার, মীরসরাই সার্কেলের নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ মেহেদীনগর এলাকায় বদি আলমের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক ওরফে আজিয়া (৪৪)কে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরও একজন আসামি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার আসামি মোঃ আজিজুল হক (৪৪) মৃত বদিউর রহমানের ছেলে ও জরিনা বেগমের সন্তান। তার বাড়ি মেহেদীনগর ৬নং ওয়ার্ড, ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


