চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রয় কার্যক্রমে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাজার পরিদর্শন করা হয়েছে।

রবিবার (১ মার্চ ২০২৬) বারইয়ারহাট বাজার পরিদর্শন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর
ও নিরাপদ খাদ্য পরিদর্শক করেন ফাতেমা আক্তার।পরিদর্শনকালে তিনি ইফতারি তৈরির পরিবেশ, খাবারের মান, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং ভাজা-পোড়া খাবারের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন। বিশেষ করে অতিরিক্ত তেল ব্যবহার, বাসি তেল পুনঃব্যবহার এবং খোলা স্থানে খাবার রাখার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়।

ফাতেমা আক্তার বলেন, রমজানে ইফতার সামগ্রীর চাহিদা বাড়ে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রয়ে সবাইকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় বাজারের ব্যবসায়ীরা স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নির্দেশনা মেনে চলার আশ্বাস দেন।


