মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।
সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনি এলাকায় জনগণ ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম জাতীয় দিবস উদযাপন। একুশের প্রথম প্রহর থেকেই শহিদ মিনার প্রাঙ্গণ জনসমাগমে মুখর হয়ে ওঠে।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হাসান, জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরসরাই উপজেলা শাখার সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের নেতা আমিনুল ইসলাম তৌহিদ, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল আমিন বলেন, “ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা অর্জন করেছি। একুশ আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে।”
তিনি আরও বলেন, “ভাষা আন্দোলনের চেতনাই আমাদের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের ভিত্তি। সেই চেতনাকে ধারণ করেই আমরা ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
এ সময় তিনি ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


